বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তা ঘিরে আলোচনা ও বিতর্ক এখনো থামেনি। ভোটগ্রহণ ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অভিযোগের মধ্যে চিত্রনায়িকা পলি দাবি করেছেন, নির্বাচনে অর্থের প্রভাব ছিল। এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু।
শিবা শানু বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জয়-পরাজয় থাকবেই, আর পরাজয়ের পর অনেকের মধ্যেই স্বাভাবিকভাবে হতাশা ও অভিমান কাজ করে। তার মতে, অনেক অভিযোগই সেই মানসিক অবস্থা থেকে উঠে আসতে পারে।
তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের কষ্ট এবং বিভিন্ন মন্তব্য শুনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সময়ের সঙ্গে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পলির অর্থের প্রভাবের অভিযোগ প্রসঙ্গে শিবা শানু বলেন, বিষয়টি নিয়ে আগে তিনি পলির সঙ্গে কথা বলতে চান। তার বক্তব্য পুরোপুরি শোনার পরই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত বা মন্তব্য করা হবে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না যে, কেউ শুধুমাত্র টাকার জন্য এই নির্বাচনে অংশ নিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আরও জানান, শিল্পী সমিতিকে আরও কার্যকর ও সক্রিয় করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে। সেখানে শুধু নির্বাচিত সদস্য নয়, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও সম্পৃক্ত করা হবে, যাতে সবাই শিল্পীদের কল্যাণে একসঙ্গে কাজ করতে পারেন।
তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই হবে নতুন কমিটির মূল লক্ষ্য। চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষায় সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান বলেও জানান শিবা শানু।