বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দলের কোচ কার্লো আনচেলত্তি ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সাংবাদিকরা। বিশেষ করে ফিনিশিংয়ের দুর্বলতাকেই তারা হারের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন।
নিউইয়র্কের মিডিয়া সেন্টারে ব্রাজিলের ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকদের মধ্যে ছিল হতাশার ছাপ। অনেককে নীরবে কাজ করতে দেখা গেছে, আবার কেউ কেউ দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে হতাশা জানিয়েছেন।
ব্রাজিলিয়ান সাংবাদিক এন্ডারসনের মতে, নরওয়ের বিপক্ষে ব্রাজিল সুসংগঠিত ফুটবল খেলতে পারেনি। তার ভাষায়, সবচেয়ে বড় সমস্যা ছিল ফিনিশিংয়ে। আনচেলত্তির সমালোচনা করে তিনি বলেন, তারকাখচিত দল নিয়ে সাফল্য পেলেও বর্তমান ব্রাজিল দলকে গুছিয়ে তুলতে তিনি ব্যর্থ হয়েছেন।
অন্য সাংবাদিক এন্দ্রিলা নরওয়ের প্রশংসা করে বলেন, ব্রাজিল বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। বিপরীতে নরওয়ে অল্প সুযোগ থেকেই কার্যকরভাবে গোল আদায় করেছে।
চার দশক ধরে ব্রাজিল ফুটবল কাভার করা সাংবাদিক রদ্রিগেজ অবশ্য দায় দিয়েছেন খেলোয়াড়দের মানকে। তার মতে, আনচেলত্তি চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বকাপে সফল হতে যে মানের ফুটবলার প্রয়োজন, বর্তমান দলে সেই ঘাটতি রয়েছে।
নরওয়ের সাংবাদিক ফোরল্যান বলেন, প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা তাদের দেশের ফুটবলের জন্য ঐতিহাসিক অর্জন। তার মতে, আর্লিং হালান্ডের নেতৃত্বে নরওয়ে পরিকল্পিত ফুটবল খেলেছে, আর ব্রাজিলের ফিনিশিং দুর্বলতাই তাদের সর্বনাশ ডেকে এনেছে।
এক মার্কিন সাংবাদিকের বিশ্লেষণে উঠে এসেছে, ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ থাকলেও গোল করতে না পারায় ব্রাজিল আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এমনকি পেনাল্টিও নষ্ট করে তারা। অন্যদিকে নরওয়ে সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে জয় নিশ্চিত করে।












