বিশ্বকাপ ফুটবলে বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করলেও এবার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ভিন্ন বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। এই ম্যাচের আগে নিজের ফেসবুক পোস্টে বর্ষা জানান, আর্জেন্টিনা হারলেও তার মন খারাপ হবে না।
ফেসবুকে তিনি লেখেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’
বর্ষার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক অনুসারী তার অনুভূতির প্রতি সমর্থন জানিয়েছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করা উচিত নয়।
আর্জেন্টিনার প্রতি দীর্ঘদিনের সমর্থন থাকা সত্ত্বেও এই ম্যাচে মিশরের জয় কামনা করায় তার পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
প্রসঙ্গত, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। মূলত স্বামী অনন্ত জলিলের প্রযোজনা ও অভিনীত চলচ্চিত্রেই তাকে বেশি দেখা গেছে। গত বছর অভিনয় থেকে অবসরের ইঙ্গিত দিলেও পরে হাতে থাকা কাজ শেষ করার সিদ্ধান্ত নেন। বর্তমানে নতুন চলচ্চিত্র ‘কিল হি ২’-এর কাজ নিয়েও আলোচনা রয়েছে।