বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ (১১ জুলাই)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন এই তারকা।
মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। ১৯৯৮ সালে পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্রেই দর্শকদের নজর কাড়েন তিনি।
প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মনের মাঝে তুমি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় রিয়াজের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস আহমেদ, আমিন খান, আরিফিন শুভসহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতেও অভিনয় করেছেন।
বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সাহিত্যনির্ভর চলচ্চিত্রেও প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি একজন সফল উপস্থাপক হিসেবেও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনও দর্শকদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই চিরসবুজ অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।