৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইসরা।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে গোলরক্ষক গ্রেগর কোবেল অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সুইজারল্যান্ডকে জয় এনে দেন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে তুলনামূলক বেশি সুযোগ তৈরি করে কলম্বিয়া। তবে সুইস গোলরক্ষক কোবেলের দৃঢ়তা এবং কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসের দুর্দান্ত সেভে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই দল একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ে জন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে, অন্যদিকে জেকি আমদুনির শক্তিশালী শট রুখে দেন ভার্গাস। ম্যাচের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করেন কলম্বিয়ার জামিন্তন কাম্পাজ, যিনি একা গোলরক্ষকের সামনে থেকেও বল জালে জড়াতে পারেননি।
টাইব্রেকারে প্রথমে এগিয়ে যায় কলম্বিয়া। তবে দাভিনসন সানচেজের শট ক্রসবারে লাগে এবং কুচো হার্নান্দেজের পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন কোবেল। শেষ পর্যন্ত রুবিন ভার্গাসের সফল শটে ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সুইজারল্যান্ড।