কুমিল্লা নগরীর জলাবদ্ধতায় আক্রান্ত সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সকালে টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে কেন্দ্রসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেলে পরীক্ষার্থীরা নৌকা ও কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এরপর পরীক্ষা কেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।