আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে দেশের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহত, সম্প্রসারণ ও সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড ও কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অভিবাসন ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং বিদেশগামী কর্মীদের সেবা সহজ করতে চালু করা হয়েছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তি, সনদায়ন, বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়ন, বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ বিভিন্ন সেবা ডিজিটালভাবে দেওয়া হচ্ছে।
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন-সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করতে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।