উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলার পর এবার তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ এনে কড়া বিবৃতি দিয়েছে রিয়াদ।
রোববার (১২ জুলাই) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলার ফলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ হামলায় দেশটির ভূখণ্ড বা স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তু না হলেও গত সপ্তাহে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি সৌদি তেলবাহী ট্যাংকার ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এদিকে হরমুজ প্রণালিতে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর জাহাজে থাকা ১০ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাবিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভারত সরকারও এ ঘটনার নিন্দা জানিয়ে বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল।