টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ পরিস্থিতিতে পদত্যাগের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।’
এর আগে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব মোড়সহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে গেলে পথে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।