সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুলের শিক্ষার্থীরা পেলেন ২০ হাজার গাছের চারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান ষ্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি পালন করা হয়েছে। (৬ জুলাই) সোমবার বেলা ১১ টায় সোনারগাঁও স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসুচিতে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে সোনারগাঁও উপজেলায় আমরা ২ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো, তোমরা আজকের এই চারা গাছগুলো নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণ করবে। এই গাছই একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে আমরা সোনারগাঁওবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়ক এবং ঐতিহাসিক বৈদ্যেরবাজার ঘাট উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এলাকাভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বৈদ্যেরবাজার ঘাটের আধুনিকায়ন সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল প্রমুখ। অনুষ্টানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।