বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব। সেই আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ব্রাজিলের বিদায়ে দুঃখ প্রকাশের পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও তার দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে চঞ্চল লেখেন, ‘কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়, অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি, বিন্দুমাত্র উল্লাস করিনি।’
বিশ্বকাপে একের পর এক তারকা ফুটবলারের বিদায় এবং অনেক কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান প্রজন্ম সৌভাগ্যবান, কারণ তারা একই সময়ে অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা উপভোগ করার সুযোগ পেয়েছে।
চঞ্চলের ভাষায়, ‘আমরা হয়তো নেইমার, রোনালদো, এমবাপ্পে বা মেসির মতো আরও অনেক তারকা ফুটবলারকে পরের বিশ্বকাপে আর পাবো না। কিন্তু তাদের দৃষ্টিনন্দন খেলার জাদু আমাদের স্মৃতিতে আজীবন রয়ে যাবে।’
পোস্টের শেষাংশে ফুটবলীয় সৌহার্দ্যের আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা। আসুন একটি সুন্দর খেলা উপভোগ করি।’
চঞ্চল চৌধুরীর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, প্রতিদ্বন্দ্বী দলের পরাজয় নিয়ে বিদ্বেষ ছড়ানোর বদলে ক্রীড়াসুলভ মনোভাব প্রকাশের মাধ্যমে ইতিবাচক বার্তা দিয়েছেন এই অভিনেতা।