চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, অবৈধ বালু উত্তোলনের পর এবার পাহাড় কাটাও বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না।
শুক্রবার (১০ জুলাই) সকালে টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন হুমাম কাদের। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়াতেই সীমাবদ্ধ নয়; রাউজান, ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও আকস্মিক বন্যা ও পাহাড়ধসের প্রভাব দেখা গেছে। আগামী দুই থেকে তিন দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রশাসন দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্গতদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।