সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি পাকিস্তান-নিবন্ধিত কার্গো বিমান আরব সাগরের ওপর রাডার থেকে নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই পাকিস্তান কর্তৃপক্ষ সমুদ্রপথে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (PAA) জানায়, K2 Airways পরিচালিত বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি করাচির উদ্দেশ্যে উড়ে আসার সময় নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানায়। স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৮ মিনিটে পাইলট কারাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। কয়েক মিনিট পর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং এরপরই রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বিমানটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।
ফ্লাইট ট্র্যাকিং সেবা FlightRadar24-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি নিখোঁজ হওয়ার আগে অস্বাভাবিকভাবে দ্রুত উচ্চতা পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত সমুদ্রের দিকে তীব্রভাবে নিচে নেমে যায়। তবে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিমানটিতে থাকা পাঁচজনই ক্রু সদস্য। পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংস্থা যৌথভাবে আরব সাগরে অনুসন্ধান চালাচ্ছে। উদ্ধার অভিযানে যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং অন্যান্য সামুদ্রিক সম্পদ মোতায়েন করা হয়েছে। K2 Airways জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং ক্রুদের নিরাপদে উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছে।
পাকিস্তানের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ঘটনাটির কারণ অনুসন্ধান শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্র : জিও নিউজ