চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, সারা দেশে পরীক্ষা গ্রহণের জন্য সামগ্রিক পরিবেশ অনুকূল রয়েছে। ১৩ জুলাই একটি কেন্দ্র ছাড়া দেশের প্রায় সব কেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন এলাকায় পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় ওই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। ইতোমধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।