শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেওয়া আলটিমেটামের কথা পুনর্ব্যক্ত করেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টার এলাকার সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা।
এর আগে টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব মোড় ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিল্লায়ও একই দাবিতে কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে গেলে পথে পুলিশি বাধার মুখে পড়েন। আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।