সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকেৃতদের বিরুদ্ধে উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে। গত সোমবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁও উপজেলার নানাখি এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা কর ছিলেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।