সাংবাদিকদের জন্য বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কর্মকাণ্ডকে সরকার সমর্থন করে না।
তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের নিবন্ধন ব্যবস্থা চালুর পাশাপাশি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর শাস্তির বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের কাজও চলছে।
তথ্যমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৬টি দৈনিক, ১ হাজার ২৩১টি সাপ্তাহিক, ৪৫২টি মাসিক, ২১৫টি পাক্ষিক এবং অন্যান্য পর্যায়ের ৫৪টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।