দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের “এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ” এবং “আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি” স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করা তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ ঘটনার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি কথোপকথন ভাইরাল হওয়ার পর পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যকে কেন্দ্র করেই বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে একই দিনে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।
তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর উত্তরা ছাড়া অন্য কোথাও কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।