মনোয়ার হোসেন, কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফুটবল খেলা ও দলীয় সমর্থন নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে তারা শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সাংবাদিকদের জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে।