এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুই প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র চার মাস আগে। প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল এবং এটি আগের সরকারের দায়িত্বে থাকা মডারেটরদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। তবে ভুল শনাক্ত হওয়ার পরই সরকার পরীক্ষার্থীদের স্বার্থে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হলেও অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার আগে পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইউএনও এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র জলাবদ্ধ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের নৌকায় করে ভবনের পঞ্চম তলায় নিয়ে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া দেশের অন্য কোনো কেন্দ্রে বড় ধরনের দুর্যোগের কারণে পরীক্ষা ব্যাহত হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তারা প্রয়োজনে কোনো কেন্দ্রে পরীক্ষা স্থগিত বা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এবং সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।