সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম অবসরে যাওয়ার প্রাক্কালে বলেছেন, তিনি বিচারকের আসন থেকে বিদায় নিচ্ছেন, তবে ন্যায়ের আদর্শ থেকে নয়। সংবিধানের প্রতি আনুগত্য, আইনের শাসনের প্রতি বিশ্বাস এবং দেশের প্রতি অঙ্গীকার আজীবন অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের এজলাস কক্ষে শেষ কর্মদিবসে দেওয়া বিদায়ী বক্তব্যে বিচারপতি আশফাকুল বলেন, একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়; বরং সংবিধান, আইন ও নিজের বিবেকের প্রতি।
তিনি বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা ও জনগণের আস্থা রক্ষায় বার ও বেঞ্চের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মামলার জট কমানো, বিচারপ্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়িয়ে বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
নবীন আইনজীবীদের উদ্দেশে বিচারপতি আশফাকুল বলেন, একজন আইনজ্ঞের সবচেয়ে বড় সম্পদ সততা, চরিত্র ও নিয়মিত অধ্যয়ন। তিনি সংবিধান, আইন, দেশি-বিদেশি রায় এবং বিচারতত্ত্ব নিয়মিত অধ্যয়নের পরামর্শ দেন।
বিদায়ী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।