টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, “ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।” এই বক্তব্য প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পরীক্ষার্থী এ মন্তব্যকে অবমাননাকর উল্লেখ করে এর প্রতিবাদ জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।
জানা গেছে, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। রোববার (১২ জুলাই) রাতে হওয়া সেই কথোপকথনের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি শিক্ষার্থীকে আশ্বস্ত করে পরীক্ষা চালিয়ে যেতে বলেন।
কথোপকথনে পরীক্ষার্থী বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়া এবং পরীক্ষার রুটিনে পর্যাপ্ত বিরতি না থাকার বিষয়টি তুলে ধরেন। জবাবে শিক্ষামন্ত্রী জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রুটিন নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজন হলে পরিবর্তনের সুযোগও রাখা হয়েছিল।
এদিকে, ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন একদল এইচএসসি পরীক্ষার্থী।
তবে ভাইরাল ভিডিও ও এ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।