হামের প্রাদুর্ভাব ও এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
রোববার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।
বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আবেদনে বাদী উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এর ফলে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল।
দ্রষ্টব্য: এটি একটি মামলা দায়েরের আবেদন। আদালত এখনো এ বিষয়ে মামলা গ্রহণ বা অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেননি। অভিযোগগুলো আবেদনকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।