২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালিয়ান এই কোচ।
নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর কায়েতানো বলেন, দলের জন্য এখন স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সিবিএফ এবং সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন আনচেলত্তি।
তিনি বলেন, ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। তাই আনচেলত্তির নেতৃত্বেই ভবিষ্যতের পথচলা অব্যাহত থাকবে।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় হতাশা প্রকাশ করলেও আনচেলত্তি ও কোচিং স্টাফের কাজের প্রশংসা করেন কায়েতানো। তার ভাষায়, গত ৩৮ দিনে খেলোয়াড় ও কোচিং স্টাফ যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও পরিশ্রম দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে ব্রাজিলের পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নতি করেছে। অনেক ম্যাচেই দল ভালো ফুটবল খেলেছে এবং সিবিএফের বিশ্বাস ছিল, সেলেসাওরা আরও অনেক দূর এগিয়ে ফাইনালে জায়গা করে নিতে পারবে।
২০২৫ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। তার অধীনেই বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করে ২০২৬ বিশ্বকাপে অংশ নেয় ব্রাজিল। যদিও প্রথম বিশ্বকাপ মিশনে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবুও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে সরে আসছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
এখন ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল গঠনের কাজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই মিশনের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিই।