মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজাসহ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ বিজিবির অধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।পরে আটক দুজন ও জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।