সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। এ সমস্যা সমাধানে সরকার, পরিবহনমালিক, শ্রমিক, চালক, যাত্রী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, সড়কে প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে এ ক্ষেত্রে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত আলোচনা ও সমন্বিত কার্যক্রম জোরদার করা জরুরি। তাঁর ভাষ্য, কেউ কারও প্রতিপক্ষ নন; সবার দায়িত্ব নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা।
সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বছরে সড়ক দুর্ঘটনায় ৩১ হাজার মানুষের মৃত্যুর একটি জরিপভিত্তিক তথ্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিসংখ্যানের উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা যাচাই করা প্রয়োজন। ভুল তথ্য দিয়ে যেমন সমস্যার সমাধান সম্ভব নয়, তেমনি প্রকৃত তথ্য না জানলেও কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন।
দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং দুর্ঘটনার পেছনের বিভিন্ন কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। শুধু চালক কিংবা যানবাহনের ত্রুটিকে দায়ী করে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যের ওপর দায় চাপানোর পরিবর্তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য ও পরিবহননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানসহ পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।