বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ হিসেবে উল্লেখ করে এখানে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।
বুধবার (২৮ অক্টোবর) জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই এ আগ্রহের কথা জানান।
বৈঠকে আকাজাওয়া রিয়োসেই বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে তার সরকার আগ্রহী।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় জাপান সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার ক্ষেত্রগুলো বাস্তবায়নে এগিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকে গড়ে ওঠা সম্পর্কের ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে চান তিনি।
বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশকে ঘিরে বিদ্যমান আগ্রহ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।