নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মানিকগঞ্জের আরিচা কাম স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী নিখোঁজ ডুবুরি সাদিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন এবং নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।