হাইব (HYBE) ও গেফেন রেকর্ডসের যৌথ উদ্যোগে গঠিত নতুন বৈশ্বিক গার্ল গ্রুপ সেন্ট স্যাটিন (SAINT SATINE)-এর অন্যতম সদস্য সুইডিশ শিল্পী লেক্সি লেভিন আনুষ্ঠানিক অভিষেকের আগেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) উইভার্স (Weverse) ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানায় এইচএক্সজি (HxG)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লেক্সির সঙ্গে দীর্ঘ আলোচনার পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানানো হয়।
দল ছাড়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা দেন লেক্সি। তিনি জানান, সেন্ট স্যাটিনে যোগ দেওয়ার সময় এটিকেই নিজের জন্য সঠিক জায়গা বলে মনে হয়েছিল। তবে কাজের ধরণ, পরিচালনা পদ্ধতি ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বাকি সদস্য এমিলি, সামারা ও সাকুরাকে ‘চিরকালের বোন’ উল্লেখ করে ভক্তদের তাদের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি জানান, তিনি সংগীতজগৎ ছাড়ছেন না; বরং ভিন্নভাবে নিজের অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।
এটি লেক্সির প্রথম এমন সিদ্ধান্ত নয়। ২০২৩ সালে হাইব ও গেফেন রেকর্ডসের রিয়েলিটি শো ‘দ্য ডেবিউ: ড্রিম একাডেমি’-তেও চূড়ান্ত পর্বের আগে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তখনও তিনি জানান, প্রতিযোগিতামূলক আইডল সিস্টেমের চেয়ে গান লেখা ও মিউজিক প্রোডাকশনের মতো সৃজনশীল কাজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
লেক্সির বিদায়ের পর সেন্ট স্যাটিন এখন তিন সদস্য—যুক্তরাষ্ট্রের এমিলি, ব্রাজিলের সামারা এবং জাপানের সাকুরাকে নিয়ে ২০২৬ সালের শেষ দিকে আনুষ্ঠানিক অভিষেকের প্রস্তুতি চালিয়ে যাবে। ইতোমধ্যে দলটির প্রি-ডেবিউ গান ‘PARTY b4 the PARTY’ এবং ‘WE RIDE’ শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।