ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক ২১টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সারাদেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপে সেরা হওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।