শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় প্রধান সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে শিক্ষার্থীরা উত্তরার প্রধান সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সড়কের দুই পাশে শত শত গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।