জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটির টোকিও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, ফ্লাইটটি একই দিন রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তার দেশে ফেরার নির্ধারিত সময়সূচিতে বিলম্ব হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্লাইটের নতুন সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।