ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজকে নিয়ে নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সৈয়দ শাকিল। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করবেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’খ্যাত এই নির্মাতা।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরিফুল রাজের সঙ্গে সিনেমাটির চুক্তি স্বাক্ষর করেন সৈয়দ শাকিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে ছবি প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। তবে এখনো সিনেমার নাম ও অন্য অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির গল্প হবে আবেগঘন সামাজিক প্রেক্ষাপটের, যা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে। একসময় পরিবারের সদস্যরা একসঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সামাজিক গল্পের সিনেমা দেখতেন। সেই ধারার একটি গল্প বড় পর্দায় তুলে ধরতে চান তিনি।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের কোরবানির ঈদে মুক্তি পেতে পারে ছবিটি।
এদিকে আগামী কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমাটিও মুক্তির পরিকল্পনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।