গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে পরিবারের কর্তা ৪০ বছর বয়সী রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ এবং ১৭ বছর বয়সী ফারিয়ার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। ১৮ বছর বয়সী রোজিনার শরীরের ১ শতাংশের কম এবং এক বছর বয়সী শিশু মো. রহিমের শরীরেরও ১ শতাংশের কম পুড়ে গেছে।
চিকিৎসক জানান, দগ্ধ পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।