গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার মাজহারুল ইসলাম (২৫) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার (৪৫) সঙ্গে কথা বলার জন্য পুলিশের গাড়িটি সড়কের পাশে থামানো হয়।
রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের গাড়ি ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
ট্রাকটি আটক করতে এগিয়ে গেলে পুলিশের অন্য সদস্যদেরও ধাক্কা দেওয়া হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
এ ঘটনায় পরদিন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকচালক মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।