রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি স্টিল বডির ইঞ্জিনচালিত ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পোস্তগোলা সেতুর আগে এ দুর্ঘটনা ঘটে।
নৌপুলিশ জানায়, গাজীপুরের কড্ডার বাজার থেকে নতুন কেনা একটি স্টিল বডির ট্রলার নিয়ে ১০ জন যাত্রী কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে রওনা হন। পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয় এবং ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুইজন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৩০ মিনিটে খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।