চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ কিছুটা পিছিয়ে গেছে।
তিনি বলেন, ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হলেও খুব বেশি দেরি হবে না। শিক্ষা বোর্ডগুলোর লক্ষ্য চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা।
বোর্ড চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।