মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ম্যাক্সি ও ব্লাউজ জব্দ করেছে। শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে গীতবাড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনে থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ম্যাক্সি ও ব্লাউজ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।