চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরাও অনলাইন ও খুদে বার্তার মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহের জন্য eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে। ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে। পরে প্রতিষ্ঠানগুলো সেই ফলাফল প্রকাশ করতে পারবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে খুদে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে।
খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এদিকে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা কার্যালয়ে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।