দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে প্র্যাবের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। ব্যাংক খাতের জনসংযোগ, ব্র্যান্ডিং এবং যোগাযোগ কার্যক্রমে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
প্র্যাব সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পরপর নতুন কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও সংগঠনটির কার্যক্রম ও কমিটির বিভিন্ন দায়িত্বে যুক্ত থাকেন।
বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। সম্মেলনে ব্যাংক খাতের জনসংযোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত যোগাযোগ আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।