বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ৭ ওভারের মধ্যেই তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান এই ডানহাতি পেসার।
শনিবার (১৭ অক্টোবর) ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরু থেকেই তাসকিনের নিয়ন্ত্রিত ও গতিময় বোলিংয়ের সামনে চাপে পড়ে দলটি।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ব্যাটার। এরপর ইনিংসের ৪.১ ওভারে বেন কারানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন বাংলাদেশের এই পেসার। ১১ বলে ৬ রান করে এলবিডব্লিউ হন কারান।
এরপর তাফাদজওয়া সিগাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাসকিন। শর্ট বলে পুল করতে গিয়ে ব্যাটের কোনায় বল লাগলে সেটি জমা পড়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ১৫ বলে ১৬ রান করে ফেরেন সিগা।
৭ ওভার শেষে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তাসকিন তখন পর্যন্ত ১৩ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন।
এদিকে চোটের কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং জ্বরে আক্রান্ত হওয়ায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে খেলছেন না। তাঁদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।