দীর্ঘ নয় মাস বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতা কাটিয়ে অবশেষে ইকসান রনি পরিচালিত ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে নাটকটির শুটিংও শেষ করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর তাঁর দুবার অস্ত্রোপচার করা হয়। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শেষে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয় তাঁকে। ফলে অভিনয় ও নিয়মিত কাজ থেকে বিরত ছিলেন এই অভিনেত্রী।
অক্টোবরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া। সে সময় তিনি বলেন, আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন এবং চলতি মাসেই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি বলেন, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা তাঁর কাছে একটি পরিবারের মতো। অসুস্থতার পুরো সময় তিনি তাঁদের মিস করেছেন। আবার কাজে ফিরতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তানিয়া বলেন, এখন আগের চেয়ে ভালো আছেন। পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। অসুস্থতার সময় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, অনেক দর্শক তাঁকে সাহস জুগিয়েছেন এবং আবার অভিনয়ে ফেরার প্রত্যাশা জানিয়েছেন। দর্শকদের সেই ভালোবাসা ও অনুপ্রেরণাও কাজে ফেরার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
‘অংশীদার’ নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া জানান, এতে সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বাবার মৃত্যুর পর দুই বোনকে কেন্দ্র করে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়। চাচা ও তাঁর পরিবারের অন্যায়ের বিরুদ্ধে বড় বোনের প্রতিবাদী হয়ে ওঠার ঘটনাকে ঘিরেই নাটকের কাহিনি এগিয়েছে। এতে প্রতিবাদী বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
নাটকটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে।
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘অংশীদার’। দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা এবং নতুন নাটকে তাঁর উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।