মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, হয়রানি এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সতর্ক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকা দিতে হবে। কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা চাইলে কিংবা কর্মীদের হয়রানি করলে সংশ্লিষ্টদের মন্ত্রণালয়কে বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। কর্মীদের সরাসরি অনুমোদিত মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এর ফলে কর্মীদের পছন্দের সুযোগ বাড়বে এবং নির্দিষ্ট এজেন্সি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে মেডিকেল স্লিপ ও রিপোর্ট হস্তান্তর নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রিক্রুটিং এজেন্সি কর্মীকে মেডিকেল স্লিপ দেওয়ার পর তিনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সি কোনো অজুহাত দেখাতে বা আপত্তি জানাতে পারবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়, অনিয়ম কিংবা কর্মীদের হয়রানির মতো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিতে আগ্রহী কর্মীদের আর্থিক ক্ষতি ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।