নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ হাজার ৫৪০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৫ জন, নিয়মিত মামলার ৭ জন এবং অন্যান্য ধারায় ৭ জন রয়েছেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানের মধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত এবং তিনজন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন, নিয়মিত মামলার তিনজন এবং অন্যান্য ধারায় দুজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ছয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুজন এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুজন এবং অন্যান্য ধারায় দুজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত তিনজন, দুই মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আড়াইহাজার থানা পুলিশ ছয়জন মাদকসেবী ও নিয়মিত মামলার একজন আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাতটি থানা ও ডিবি পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।