ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈর এলাকার তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। চলমান শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দলে দলে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যস্ততম এই সড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, নাওজোড় ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছেন।
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি ও মাঠপর্যায়ের প্রয়োজনীয়তা বিবেচনায় বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
শ্রমিকদের প্রধান দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। দাবি আদায়ে তাঁদের এই আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।