আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’
তাঁর এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বক্তব্যটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন।
এরপর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে ব্যারিস্টার ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে তাঁর বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তাঁর মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিতে হবে। তবে এ পর্যায়ে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।