রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ এবং নগরজীবনের জন্য বড় ধরনের হুমকি। এ কারণে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আইন মেনে যানবাহন পরিচালনা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।