মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিট এবং ৭টা ৪০ মিনিটে ফেনী জেলার ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি-এর বিশেষ টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।