দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের ৪ জুন বিয়ে করেন বলিউড অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল। তবে তাঁদের বিয়ের সিদ্ধান্ত ছিল একেবারেই আকস্মিক। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ১৫ মিনিটেরও কম সময় লেগেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পেছনের কারণ ও সেই সময়ের অভিজ্ঞতা জানিয়েছেন হিনা।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নতুন শোতে অতিথি হয়ে এসে এসব কথা বলেন অভিনেত্রী। অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখিয়ে সানিয়া তাঁর অনুভূতি জানতে চান।
জবাবে হিনা বলেন, তাঁদের বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’
সানিয়া জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁদের বিয়ে হয়েছিল? উত্তরে হিনা জানান, সময় লেগেছিল তারও কম। তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। রকিরও বিয়ে নিয়ে কখনো আপত্তি ছিল না।
২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার মধ্যেই ২০২৫ সালের জুনে বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।
যেভাবে প্রেম, যেভাবে বিয়ে
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে হিনা ও রকির পরিচয়। ধারাবাহিকটিতে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা।
দীর্ঘদিনের এই সম্পর্কের নানা পর্যায়ে একে অপরের পাশে ছিলেন দুজন। বিশেষ করে স্তন ক্যানসারের চিকিৎসা ও কঠিন সময়গুলোতে রকিকে পাশে পেয়েছেন হিনা।