রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা মেট্রোরেল স্টেশনগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোরেল চলাচল ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে স্টেশনগুলো খুলে দেওয়ার তথ্য জানানো হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডও (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সব স্টেশন খোলা রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক।
এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে দুপুরে পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জানা গেছে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় শ্রমিকদের ইটপাটকেল ছুড়তেও দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে মিরপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।